অবৈধ নেটওয়ার্ক বুস্টার উদ্ধার অভিযানে আটক ২
তারহীন নেটওয়ার্কের তরঙ্গ পথের বাধা অপসারণে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত বছরের কয়েক দফা অভিযানের পর শুক্রবার ফের অবৈধ নেটওয়ার্ক বুস্টার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে বিটিআরসির অভিযান চালিয়ে বেশ কিছু সরঞ্জাম জব্দ করেছে কমিশনের এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে জড়িত দুই জনকে। আটককৃতদের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানীর তেঁজগাওয়ের পূর্ব তেজতুরী পাড়া এবং ধানমন্ডি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-৩ এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সর্বমোট ৬টি নেটওয়ার্ক বুস্টার, ৬টি বুস্টার ইনডোর এন্টেনা, ৬টি বুস্টার আউটডোর এন্টেনা এবং ২টি ওয়াকি-টকি জব্দ করা হয়। বিটিআরসির পক্ষে অভিযানে নেতৃত্ব দেন সংস্থার সিনিয়র সহকারী পরিচালক মাহমুদুল ইসলাম।
বিটিআরসি মিডিয়া থেকে জানানো হয়েছে, এটাই এ বছরের প্রথম অভিযান। অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ফলে শাস্তি এড়াতে বিটিআরসির অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।







